জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা।
নিজের নামে নাহিদের বাড়ি বা গাড়ি নেই, স্থাবর কোনো সম্পত্তিও নেই। তবে তাঁর ৩০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে তাঁর স্ত্রীর ১৫ লাখ টাকার সম্পদ আছে।
ঢাকা-১১ সংসদীয় আসন (খিলগাঁও, রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিলের একাংশ) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে তাঁর কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এর বাইরে তাঁর কাছে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।
