বিশিষ্ট কবি, গদ্যকার ও সম্পাদক বেলাল চৌধুরীর ৮ম প্রয়াণবার্ষিকী আগামীকাল ২৪ এপ্রিল। কবির স্মরণে প্রতীক চৌধুরী ও ফারুক সুমনের সম্পাদনায় ‘কবি বেলাল চৌধুরী স্মারকগ্রন্থ’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’।
নাসির আলী মামুনের আলোকচিত্র অবলম্বনে গ্রন্থের প্রচ্ছদ করেছেন শিল্পী নাওয়াজ মারজান। স্মারকগ্রন্থে শওকত ওসমান, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক ও রফিক আজাদ-সহ দুই বাংলার বিভিন্ন প্রজন্মের কবি, লেখক ও বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ ও মূল্যায়নমূলক রচনা রয়েছে।
‘ঐতিহ্য’র শুরুর দিকে বেলাল চৌধুরীর ‘মিশ্রচিত্রপট’ ও ‘সাড়ে বত্রিশ ভাজা’ প্রকাশিত হয়। পরবর্তী সময় কবির ‘একুশের স্মৃতি ও ভাবনা’, অনূদিত উপন্যাস ‘মৃত্যুর কড়ানাড়া’ এবং সম্পাদিত গল্প সংকলন ‘লঙ্গরখানা’ প্রকাশ করেছে সংস্থাটি।

