তনু হত্যা মামলায় হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

আরও পড়ুন

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ৬:৩৯ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের (৫২) ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা তনুর পোশাকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

পিবিআই ঢাকার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে নমুনা সংগ্রহের কাজ শেষ হয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে আটক করা হয়। বুধবার কুমিল্লার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাফিজুর রহমান ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। তনু হত্যার সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘আদালতে হাজির করার আগেই সিআইডির ফরেনসিক ল্যাবে হাফিজুরের নমুনা নেওয়া হয়েছে। ডিএনএ ম্যাচ করার কাজ শুরু হলেও ফল পেতে কিছুটা সময় লাগবে।’ আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক পরীক্ষা করে তিন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। তখন ডিএনএ প্রোফাইল তৈরি হলেও কোনো সন্দেহভাজনের সঙ্গে তা মেলানো হয়নি।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ডিবি ও সিআইডি দীর্ঘ সময় তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ২০২০ সালের অক্টোবরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। বর্তমানে ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তরিকুল ইসলাম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ