‘গুপ্ত রাজনীতি চাই না’ স্লোগান সামনে রেখে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলেজের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, দেশে আবারও ‘গুপ্ত রাজনীতি’ সক্রিয় হচ্ছে। এতে অশান্তি সৃষ্টি হতে পারে। তারা এ ধরনের রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
ছাত্রদল নেতা জুবায়ের হোসেন হীরক বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলায় তারা উদ্বিগ্ন। স্বাধীনতাবিরোধী শক্তি ও ‘গুপ্ত সংগঠন’ সক্রিয় হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানান।
ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো গোপন রাজনীতি দেখতে চায় না। রাজনীতি করতে হবে প্রকাশ্যে। শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে রাজনীতি পরিচালনা করা উচিত।’
ছাত্রদল নেতা জুলফিকার আলী অভিযোগ করেন, কিছু সংগঠন দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ‘ভাড়াটিয়া’ হিসেবে রাজনীতি করছে। তিনি এসব সংগঠনের স্বচ্ছ অবস্থান নিশ্চিত করার দাবি জানান।
মাগুরায় জুলাই-আগস্ট আন্দোলনে প্রথম নিহত মেহেদী হাসান রাব্বির ছোট ভাই ইদ্রিস হোসেনও কর্মসূচিতে বক্তব্য দেন। তিনি বলেন, ‘গুপ্ত সংগঠনগুলো দৃশ্যমান না হওয়ায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সবাই প্রকাশ্যে রাজনীতি করলে সমাজে স্থিতিশীলতা বজায় থাকবে।’

