সারাদেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭১

  নিজস্ব প্রতিবেদক 11 July 2026 , 2:27 pm

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় মামলা হয়েছে ৪৯টি।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগে ২৯, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৬৯, তেজগাঁওয়ে ৭৮, মিরপুরে ৭৮, গুলশানে ৪৩, উত্তরায় ৪৩ ও গোয়েন্দা বিভাগে ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় ‘হান্টার বিয়ার’, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুইটি চাপাতি, একটি হাসুয়া, কার্টার, ছুরি, সিএনজি, পাঁচটি মোবাইল, দুইটি টিভি, একটি মাইক্রোওভেন ও নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দুজন ভিকটিমকে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।