বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের দুঃসময়ে দেশটি পাশে থেকেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম জানান, পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মাধ্যমে তিনি নারীশিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেন।
আফরোজা খানম আরও বলেন, খালেদা জিয়াকে অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন। নারীশিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রধান প্রতিনিধি, জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা, ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
তথ্যসূত্র ও মূল সংবাদ: www.prothomalo.com