Advertisement
জাতীয়

বেড়েছে জ্বালানি তেলের দাম

ছবি : দেশ জাগরণ

দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আজ ১৯ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার।

​নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারপ্রতি ডিজেলে ১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এছাড়া ১১২ টাকার কেরোসিন এখন ১৩০ টাকা।

​১৮ এপ্রিল প্রকাশিত বিশেষ গেজেটে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করা হয়েছে। এক্স-রিফাইনারি মূল্যের সঙ্গে সরকারি কর, বিপণন কোম্পানির মার্জিন ও ডিলার কমিশন যুক্ত করে চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। ডিপোর ৪০ কিলোমিটার এলাকার মধ্যে এই দাম প্রযোজ্য থাকবে। এর বাইরের দূরত্বের জন্য নির্ধারিত হারে বাড়তি পরিবহন ভাড়া যুক্ত হবে।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে’। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরে আদেশটি জারি করা হয়। গত ৩১ মার্চ সর্বশেষ তেলের দাম সমন্বয় করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে জ্বালানি বিভাগ বলছে, বিশ্ববাজারের অস্থিরতা মোকাবিলায় এই সিদ্ধান্ত জরুরি ছিল। নতুন কাঠামোতে ডিজেলে ৩ দশমিক ১৬ টাকা ও অকটেনে ৫ দশমিক ৭১ টাকা ডিলার কমিশন নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ